'রাজশাহী সিটি নির্বাচনে কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না', কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানোর সময় নির্বাচন কর্মকর্তাদের একথা পরিষ্কারভাবে জানিয়ে দিলেন রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন। এদিকে পুলিশ কমিশনার বললেন, এবারে নির্বাচনে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকছে।
মঙ্গলবার সকালে রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে যেসব পুলিশ কর্মকর্তা কাজ করবেন, তাদের দায়িত্ব বুঝিয়ে দিতে গিয়ে এসব কথা বলেন রিটার্নিং কর্মকর্তা এবং পুলিশ কমিশনার।
শুরুতেই আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ নিয়ে কথা বলেন পুলিশ কমিশনার আনিসুর রহমান। তিনি জানান প্রতিটি কেন্দ্রে টহলের ব্যাবস্থা থাকবে। এখানে ১৫৫ টি কেন্দ্রের মধ্যে ১৪৮টি কেন্দ্র গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন: সিলেট সিটি নির্বাচনের প্রতিপক্ষ যেন বৃষ্টি!
কমিশনার জানান, নির্বাচন সুষ্ঠু করতে দায়িত্ব পালন করছেন র্যাবের ৩০০ সদস্য। থাকছে তাদের ১৫টি পেট্রোল টিম। প্রস্তুত থাকছে হেলিকপ্টার সহ বিশেষ ফোর্স।
বেলা ১১ টার পর নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পৌছানোর কাজ শুরু হয়। এসময় নির্বাচনে কোন ধরণের অনিয়ম বরদাস্ত করা হবে না বলে জানান রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন।
তিনি আরও বলেন, এরই মধ্যে বসানো হয়েছে ১ হাজার ৫৬০টি ক্লোজসার্কিট ক্যামেরা। ভোট নেয়ার সময় দায়িত্বে থাকবেন ৩ হাজার ৬১৪ কর্মকর্তা। ইভিএম মেশিন থাকছে প্রায় ১ হাজার ৭৩০টি।
নির্বাচন সুষ্ঠু করতে, নিরাপত্তায় দায়িত্ব পালন করবেন ৩ হাজার ৫১৪ পুলিশ আর ১ হাজার ৯৩৫ আনসার সদস্য। থাকবেন ৩০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১০ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং ১০ প্ল্যাটুন বিজিবি।
একাত্তর/এআর