সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে পাঁচজন মেয়র প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হচ্ছে। আট ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় তারা জামানত হারাচ্ছেন।
জামানত হারানো মেয়র প্রার্থীরা হলেন- ইসলামী আন্দোলনের মাহমুদুল হাসান (হাতপাখা), আব্দুল হানিফ কুটু (ঘোড়া), মোহাম্মদ ছালাউদ্দিন রিমন (ক্রিকেট ব্যাট), জহিরুল আলম (গোলাপ ফুল) ও মোশতাক আহমেদ রউফ মোস্তফা (হরিণ)।
বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ফলাফল ঘোষণা করা হয় রাতে।
ঘোষিত ফলাফলে ১৯০টি কেন্দ্রে আনোয়ারুজ্জামান চৌধুরী নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৯ হাজার ৯৯১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম বাবুল পেয়েছেন ৫০ হাজার ৮৬২ ভোট। আনোয়ারুজ্জামান চৌধুরী ৬৫ হাজার ৫১৯ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।
এছাড়া মেয়র পদে স্বতন্ত্রপ্রার্থী মোহাম্মদ শাহ জাহান মিয়া (বাস) ২৯ হাজার ৬৮৮ ভোট পেয়েছেন।
আর জামানত হারানো প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলনের মাহমুদুল হাসান (হাতপাখা) ১২ হাজার ৭৯৪ ভোট, স্বতন্ত্র আব্দুল হানিফ কুটু (ঘোড়া) ৪ হাজার ২৯৬ ভোট, মোহাম্মদ ছালাউদ্দিন রিমন (ক্রিকেট ব্যাট) ২ হাজার ৬৪৮ ভোট, স্বতন্ত্র জহিরুল আলম (গোলাপ ফুল) ৩ হাজার ৪০৫ ভোট ও স্বতন্ত্র মোশতাক আহমেদ রউফ মোস্তফা (হরিণ) ২ হাজার ৯৫৯ ভোট পেয়েছেন।
রিটার্নিং কর্মকর্তার তথ্য মতে, জামানত রক্ষায় প্রার্থীদের মোট ভোটের ৮ ভাগের এক অংশ পেতে হয়। সে হিসেবে পাঁচজন প্রার্থী জামানত রক্ষার মতো ভোট পাননি।
একাত্তর/এআর