চাকা ফেটে গাছে প্রাইভেটকারের ধাক্কা, চালকের মৃত্যু

মাদারীপুর ডাসারে একটি প্রাইভেটকারের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সাথে ধাক্কা লেগে চালক নিহত ও পাঁচ যাত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোরে ডাসার উপজেলার ভাঙ্গা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালক জগৎ মৃধা (৪৮) বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলার ঢাউলটরী গ্রামের কিরন মৃধার ছেলে।

আহতরা হলেন চাঁদপুর জেলার কাবিদগঞ্জ এলাকার আবদুল গফর আলীর ছেলে করিব হোসেন (৩১), নারায়ণগঞ্জ জেলার সোনারগতি এলাকার কবির হোসেনের ছেলে জিয়াউর হক (২৬), ব্রাহ্মণবাড়িয়া জেলার হোসাইনপুর এলাকার বাদল আহমদের ছেলে রিয়াজ ইসলাম (২৭), একই এলাকার হীরা খানের ছেলে মাসুদ পারভেজ খান (২৮) ও মোনতাজুল হকের ছেলে আমির হোসেন (২৯)। 

আহত যাত্রী ও পুলিশ জানায়, প্রাইভেটকার চালক জগৎ মৃধা বরিশাল থেকে যাত্রী নিয়ে ঢাকার যাওয়ার পথে মাদারীপুরের ডাসারে প্রাইভেটকারটির চাকা পাংচার হয়ে গাছের সাথে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক মারা যান এবং পাঁচ যাত্রী আহত হন।

মাদারীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সফর আলী জানান, দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: চকলেট ভেবে বিষ খেয়ে দুই শিশুর মৃত্যু

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান জানান, দুর্ঘটনা কবলিত প্রাইভেটকারটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। 


একাত্তর/জো