সাংবাদিক নাদিম হত্যায় বাবু চেয়ারম্যানের দায় স্বীকার

জামালপুরে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ‍দিয়েছেন মামলার প্রধান আসামি সদ্য বহিষ্কৃত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু।

শুক্রবার পাঁচ দিনের রিমান্ড শেষে বাবুকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াসের আদালতে হাজির করে ডিবি পুলিশ।

বাদি পক্ষের আইনজীবী জানিয়েছেন, এ সময় আসামি মাহমুদুল আলম বাবু ১৬৪ ধারায় নাদিম হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

জামালপুর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক আরমান আলী বলেন,  আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

এর আগে গত ১৮ জুন জামালপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলায় গ্রেপ্তার ১৩ আসামির মধ্যে প্রধান আসামি মাহমুদুল আলম বাবুকে পাঁচ দিন, ছয় আসামিকে চার দিন এবং চয় আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছিলেন। 

তার আগে রিমান্ড শেষে এই মামলার গ্রেপ্তার আরও ১২ আসামিকে জেল হাজতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, বুধবার (১৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে বকশীগঞ্জ পৌরসভার পাটহাটি এলাকায় হামলার শিকার হন সাংবাদিক গোলাম রব্বানী নাদিম। সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে তার ছেলেসহ একদল সন্ত্রাসী সাংবাদিক নাদিমের ওপর হামলা চালায়। পরে স্থানীয় এক সাংবাদিকসহ কয়েকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। রাত দেড়টার দিকে তাকে জামালপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সকালে উন্নত চিকিৎসার জন্য মমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে মারা যান নাদিম।

এ ঘটনায় নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদি হয়ে ১৭ জুন বকশীগঞ্জ থানায় মাহমুদুল আলম বাবুসহ ২২ জনের নামে এবং আরও অজ্ঞাত ২০/২৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করে।

এ হত্যার ঘটনায় প্রতিবাদী হয়ে ওঠে দেশের সাংবাদিক সমাজসহ সুশীল মানুষ। তারা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও সুষ্ঠু বিচার দাবি করেন। এরই পরিপ্রেক্ষিতে নাদিম হত্যার মূলহোতা বাবু চেয়ারম্যানকে গ্রেপ্তার করে র‌্যাব। পঞ্চগড় থেকে গ্রেপ্তারের পরে ঢাকার কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে নেওয়া হয়। 

শনিবার সন্ধ্যায় গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, সংবাদ প্রকাশের জেরে ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নির্দেশে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে হত্যা করা হয়েছে।

আরও পড়ুন: পায়রায় পৌঁছেছে কয়লাভর্তি জাহাজ

র‌্যাব জানায়, সম্প্রতি বাবুর অপকর্ম নিয়ে বেশ কয়েকটি সংবাদ প্রকাশ করেছিলেন সাংবাদিক নাদিম। এ নিয়ে বাবু তার ওপর ক্ষিপ্ত ছিলেন। তাকে বিভিন্ন হুমকি দেওয়াসহ করেছিলেন ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাও। কিন্তু সেসব কিছুই ধোপে টেকেনি। শেষমেষ ‘উচিত শিক্ষা’ দেওয়ার পরিকল্পনা করেন বাবু।

নাদিম জামালপুরের বকশীগঞ্জে একাত্তর টেলিভিশনের সংবাদ সংগ্রাহক এবং নিউজ পোর্টাল বাংলা নিউজের প্রতিনিধি ছিলেন।


একাত্তর/এসি