মাদারীপুরের রাজৈরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছে।
শনিবার সন্ধ্যায় ইশিবপুরে পাঠানকান্দি ও উত্তর গোয়ালদি গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদেরকে রাজৈর ও মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানায়, শনিবার সকালে উপজেলার বদরপাশা ইউনিয়নের পাঠানকান্দি গ্রামের বেল্লাল মাস্টারের ছেলে বায়েজিদ ও পাশের সীমান্তবর্তী ইশিবপুর ইউনিয়নের ওহিদুলের সাথে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।
পরে বিকেলে বিষয়টি মীমাংসা করতে ইশিবপুর গেলে বায়েজিদকে মারপিট করে প্রতিপক্ষরা। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে দুই গ্রামবাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
এসময় উভয়পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
একাত্তর/এসজে