মাদারীপুরে পরিত্যক্ত অবস্থায় গ্রেনেড সদৃশ বস্তু উদ্ধার

মাদারীপুরের বসতবাড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় গ্রেনেড সদৃশ একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। গ্রেনেড সদৃশ বস্তুটি পুরাতন, জং পড়া, তবে পিনযুক্ত।

রোববার রাতে জেলার শিবচর উপজেলার সন্ন্যাসীরচর ইউনিয়নের রাজারচর গ্রামের ইজিবাইক চালক জয়নাল আবেদিনের বাড়ি থেকে বস্তুটি উদ্ধার করা হয়।  

স্থানীয়রা জানায়, রোববার রাতে জয়নাল ও তার স্বজনদের তথ্যে পুলিশ ওই বাড়িতে যায়। এসময় এসআই মিলন কুমারের নেতৃত্বে শিবচর থানা পুলিশ একটি গ্রেনেড সদৃশ বস্তু উদ্ধার করে। 


তারা জানান, জয়নালের পরিবার বেশ কিছুদিন আগে পুকুর খননকালে বস্তুটি পায়। এরপর সেটি বস্তুটি পরিত্যক্ত অবস্থায় বাড়িতেই ছিল। কয়েকদিন আগে সিনেমা দেখার সময় জয়নালের কিশোর ছেলে মামা বাবু মোল্লাকে জানায় তাদের বাড়িতেও এ ধরনের একটি বস্তু আছে। বিষয়টি রোববার রাতে বাবু স্থানীয় সাংবাদিকদের জানান। পরে শিবচর থানায় খবর দেওয়া হয়। তাৎক্ষনিক পুলিশের একটি টিম ওই বাড়িতে গিয়ে বস্তুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

আরও পড়ুন: নববধূর সামনে ট্রাক চাপায় নিহত বর

শিবচর থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন জানান, বাড়িওয়ালার মাধ্যমে খবর পেয়ে গ্রেনেড সদৃশ্য বস্তুটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। আদালতের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।


একাত্তর/এসি