সুনামগঞ্জে বৃষ্টিপাতের সঙ্গে কমেছে উজানের ঢল। তবে এখনও প্রধান নদী সুরমাসহ অন্য নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জ বারিপাত স্টেশনে ৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় সুনামগঞ্জ পয়েন্টে সুরমা নদীর পানি বিপৎসীমার সাত সেন্টিমিটার উচ্চতায় প্রবাহিত হয়েছে। একই নদীর পানি ছাতক পয়েন্টেও বিপৎসীমার ওপরে আছে। পাশাপাশি পুরাতন সুরমা ও যাদুকাটা নদীর পানিও বিপৎসীমার ওপরে আছে।
তবে মেঘালয়ে ভারী বর্ষণ ও ঢল বন্ধ থাকায় নদ নদীর পানি কমছে বলে জানান সংশ্লিষ্টরা।
সুনামগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী শামসুদ্দোহা জানান, সোমবার ২৪ ঘন্টার পূর্বাভাসে বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা ছিল। তবে এই আশঙ্কা কেটে গেছে। একই পূর্বাভাসে ৪৮ ঘণ্টার মধ্যে উজানে ভারী বর্ষণের সম্ভাবনা নেই বলে জানানো হয়েছিল। এখন পরিস্থিতির উন্নতি হবে। তাই নদ-নদীর পানি কমছে এবং বৃষ্টিপাতও কমছে। তবে এখন নদ-নদীর পানি নিম্নাঞ্চলে ও হাওরে গিয়ে পড়ছে।
এদিকে ঢল ও বর্ষণের পানি নিম্নাঞ্চলের গ্রামীণ রাস্তাঘাট ডুবিয়ে দিয়েছে। পানি বৃদ্ধি পেলে নিচু গ্রামগুলোলো প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে পাউবো।
একাত্তর/এসি