রামদা নিয়ে উপজেলা পরিষদ ভবনে সন্ত্রাসীরা

নাটোরের নলডাঙ্গায় চাইনিজ কুড়াল এবং রামদা নিয়ে উপজেলা পরিষদ ভবনের ভিতরে ঢুকে ইউএনও’র ড্রাইভারকে তাড়া করেছে সন্ত্রাসীরা। এ ঘটনার সিসিটিভি ফুটেজ একাত্তরের হাতে এসেছে।

মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনার পর থেকেই অভিযুক্তদের আটকে অভিযান চালাচ্ছে।

ঘটনার বর্ণনা করে ভুক্তভোগী রুবেল হোসেন বলেন, আমি উপজেলা পরিষদের নিচে দাঁড়িয়েছিলাম। এসময় কয়েকজন অপরিচিত লোক এসে আমাকে তাদের মোটরসাইকেলে উঠতে বলে। আমি বলি আপনাদের চিনি না কেন উঠবো? তখন তারা বলে, ইউএনও’র কাছে নিয়ে যাবো তোমাকে। আমি মোটরসাইকেলে চড়তে অস্বীকার করলে তারা আমাকে টানা-হেঁচড়া শুরু করে। এসময় আমি দৌড়ে ইউএনও স্যারের রুমে আশ্রয় নেই। সন্ত্রাসীরা রাম দা এবং চাইনিজ কুড়াল নিয়ে আমার পেছনে তাড়া করে উপজেলা পরিষদে ঢুকে পরে।

কেন এমন হামলা করা হলো- জানেন না দাবি করে রুবেল বলেন, কেন তারা আমাকে নিয়ে যেতে চাইলো আমি জানি না।

নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজিনা আক্তার জানান, সকাল সাড়ে ১০টার দিকে সন্ত্রাসীরা উপজেলা পরিষদের সামনে থেকে রুবেলকে তুলে নেওয়ার চেষ্টা করলে তিনি প্রাণভয়ে উপজেলা পরিষদ ভবনে ঢুকে পড়ে। এসময় সন্ত্রাসীরাও তার পেছন পেছন ধাওয়া করতে করতে ভেতরে চলে আসে।

রোজিনা আক্তার আরও জানান, এই বিষয়ে জেলা প্রশাসকসহ সিনিয়র অফিসারদের অবহিত করে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

আরও পড়ুন: প্রাইভেটকার ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

নাটোরের পুলিশ সুপার মো. সাইফুর রহমান বলেন, পাওনা টাকাকে কেন্দ্র করে ইউএনও’র ড্রাইভারকে ধাওয়া করার কথা জানতে পেরেছি। পুলিশ অভিযুক্তদের আটকের চেষ্টা করছে।


একাত্তর/আরএ