রংপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছেন। এছাড়া রংপুর মেডিকেলে ভর্তি আছেন আরও আটজন।
মঙ্গলবার সকালে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বুলেট লাল নামের ওই ব্যক্তি।
বুলেট লাল রংপুর মহানগরীর পুরাতন সদর হাসপাতাল সুইপার কলোনির মানু লালের ছেলে। সোমবার দুপুরে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
স্বজনরা জানিয়েছেন, নিহত বুলেট ঢাকা জজ কোর্টে সুইপার হিসেবে চাকরি করতেন। ঈদের ছুটিতে বাড়িতে এসে প্রচণ্ড জ্বর নিয়ে রংপুর মেডিকেলে ভর্তি হন তিনি। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়।
রংপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ও হাসপাতালের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান মাহফুজার রহমান গণমাধ্যমকে বলেন, মঙ্গলবার দুপুর পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালের মেডিসিন বিভাগে আটজন রোগী ভর্তি হয়েছেন। সকালে একজন রোগীর মৃত্যু হয়েছে। আরেকজন রোগী সুস্থ হওয়ায় ছাড়পত্র দেওয়া হয়েছে।
আরও পড়ুন: দুটি ধরন ঝুঁকি বাড়াচ্ছে ডেঙ্গু আক্রান্তদের
এদিকে ডেঙ্গু রোগী বাড়ায় হাসপাতালে আলাদা ইউনিট করার কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
একাত্তর/আরএ