সম্পত্তি নিয়ে বিরোধের জেরে মা-ছেলেকে কুপিয়ে হত্যা

কুমিল্লার চৌদ্দগ্রামে এক প্রবাসীর ঘুমন্ত স্ত্রী ও শিশু পুত্রকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দি‌কে চৌদ্দগ্রাম উপজেলা সদরের পাঁচড়া বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে।

ঘটনায় জড়িত সন্দেহে মঈনুল হাসান শুভ ও আবদুল্লাহ আল শাহেদ নামের দুইজনকে আটক করেছে পুলিশ। তাদের বাবার নাম মীর হোসেন।

নিহতরা হলেন- নিপা আক্তার (২৭) ও তার আট বছর বয়সী ছেলে আলী আহসান মুজাহিদ। নিপার স্বামী আনোয়ার হোসেন দুবাই প্রবাসী।

পুলিশ ঘটনাস্থল থে‌কে মা-ছেলের লাশ উদ্ধার করেছে।

নিপা আক্তারের বাবা জালাল আহমেদের অভিযোগ, সম্পত্তি নিয়ে বিরোধের জেরে তার জামাই আনোয়ার হোসেনের ভাতিজা মঈনুল হাসান শুভ (২২) এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারেন।

তিনি জানান, মঙ্গলবার রাত ৯টায় নিপা তার ছেলেকে নিয়ে পাশেই মামাশ্বশুর আজিজুল ইসলামের বাড়ি দাওয়াত খেতে যান। ধারণা করা হচ্ছে, এ সুযোগে হত্যাকারী ঘরে ঢুকে নির্মাণাধীন টয়লেটে লুকিয়েছিল। রাতে বাড়ি ফিরে নিপা ছেলেকে নিয়ে ঘুমিয়ে পড়লে আনুমানিক আড়াইটার দিকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে তাদের গুরুতর জখম করা হয়।

এ সময় চিৎকার শুনে লোকজন ছুটে এসে শিশু মুজাহিদ ও তার মা নিপাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নিপাকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় শিশু মুজাহিদকে ঢাকা নেওয়ার পথে শিশুটিও মারা যায়।

ওসি শুভ রঞ্জন চাকমা জানান, মা-ছেলেকে কুপিয়ে হত্যার খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে। অপর সন্দেহভাজনদের আটকের চেষ্টা করছে পুলিশ।

আরও পড়ুন: জমি নিয়ে বিরোধ, হামলায় কৃষক নিহত

বুধবার সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।


একাত্তর/আরএ