হাতিয়ায় ট্রলার ডুবির তিন দিন পর বাবুর্চির মরদেহ উদ্ধার

বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজের তিন দিন পর ট্রলারের কেবিন থেকে বাবুর্চি আব্দুর রহমানের (৫০) মরদেহ উদ্ধার করা হয়েছে।  

রবিবার সকাল সাড়ে ৮টার দিকে ডুবে যাওয়া ট্রলারের কেবিন থেকে নিখোঁজ বাবুর্চির মরদেহ উদ্ধার করা হয়। এর আগে, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নোয়াখালীর হাতিয়ায় বঙ্গোপসাগরে এমভি ফাতেমা-১ নামে মাছ ধরার ট্রলারটি বৈরী আবহাওয়ার মুখে পড়ে ডুবে যায়। তাৎক্ষণিক ২০ জেলেকে জীবিত উদ্ধার করা হলেও নিখোঁজ ছিলেন আব্দুর রহমান। 

মৃত আব্দুর রহমান হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের বড়দেইল গ্রামের আব্দুল হালিমের ছেলে।  

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে হাতিয়ার এম আলী লাল চর সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ডুবে যাওয়া ট্রলারটি স্থানীয় জেলেরা অন্য বোটের সহযোগিতায় উদ্ধার করে। তখন ট্রলারের কেবিনের ভেতরে আব্দুর রহমানের মরদেহ পাওয়া যায়। পরে সকাল ১১টার দিকে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।  

হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাশ বলেন, নিখোঁজ থাকার তিন দিন পর স্থানীয় জেলেরা অন্য বোটের সহযোগিয়া ডুবে যাওয়া ট্রলারটি তীরে নিয়ে আসে। পরে ট্রলারের ভেতর থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।


একাত্তর/আরবিএস