নরসিংদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের সংঘর্ষ ঘটেছে। এতে মাইক্রোবাসের চালক নিহত হয়েছেন। তবে এ ঘটনায় কোনো যাত্রী আহত হননি।
সোমবার সকালে নরসিংদীর ঢাকা-সিলেট মহাসড়কের বাগহাটা এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত মাইক্রোবাস চালকের নাম হাফেজ আলিম (৪৫)। তার বাড়ি হবিগঞ্জ সদর এলাকায়।
হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, সোমবার ভোরে এক প্রবাসীকে আনতে পরিবার মাইক্রোবাসটি নিয়ে ঢাকা বিমানবন্দরে যায়। ফেরার পথে ওই এলাকায় পৌঁছালে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী রয়েল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়। পরে নরসিংদী পুলিশ খবর পেয়ে ফায়ার সার্ভিসকে সঙ্গে নিয়ে উদ্ধার কাজ শুরু করেন। এসময় মাইক্রোবাসের ভেতরে আটকে থাকা চালক হাফেজ আলিমকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
ইটাখোলা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আবু খায়ের বলেন, মাইক্রোবাসটিতে চালকসহ চার যাত্রী ছিলেন। চালক মারা গেলেও বাকিরা তেমন আঘাত পায়নি। মরদেহের ময়না তদন্ত শেষে পরিবারে হস্তান্তর করা হয়েছে। বাসের চালক পালিয়ে গেলে ও বাস আমাদের হেফাজতে রয়েছে। এঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।
একাত্তর/এসি