নেত্রকোণার মদনে পাঁচ সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। তবে, অভিযুক্তের দাবি তার সাথে পরকীয়ার সম্পর্ক ছিলো ওই নারীর।
ভিকটিম শনিবার (২৬ জুন) মদন থানায় মোশারফ হোসেনকে অভিযুক্ত করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে তাকে আটক করে তার বিরুদ্ধে মামলা দায়ের হয়।
অভিযুক্ত মোশারফ হোসেন ৮নং ফতেপুর ইউনিয়নের মৃত লুৎফর রহমানের ছেলে। তিনি ওই এলাকার গুচ্ছ-গ্রামের বাসিন্দা।
অভিযোগ সূত্রে জানা যায়, মোশারফ হোসেন পাওনা টাকা চাইতে গিয়ে ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করে। লোকলজ্জায় বিষয়টি কাউকে জানাননি ওই নারী। পরে অভিযুক্ত মোশারফ নিজেই মানুষের কাছে বিষয়টি বলাবলি শুরু করলে বাধ্য হয়ে শনিবার বিকেলে মোশারফের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ভুক্তোভোগী।
ধর্ষণের শিকার নারীর স্বামী বলেন, এলাকাবাসী সালিশের মাধ্যমে বিষয়টি সমাধানের জন্য চেষ্টা করেছিলেন। কিন্তু কোনও সমাধান হয়নি। সে আরও মানুষের কাছে আমার স্ত্রীর কথা বলাবলি করছে। মোশারফ মাদকাশক্ত, দীর্ঘদিন ধরে মাদক বেচা-কেনার সঙ্গে জড়িত। সে আমাকে হুমকি দিচ্ছে। শনিবার তার বিরুদ্ধে আমার স্ত্রী ধর্ষণ হওয়ার অভিযোগ দায়ের করেছে। আমি ন্যায়বিচার চাই।
আরও পড়ুন: সোম থেকে সীমিত, বৃহস্পতিবার থেকে সর্বাত্মক লকডাউন
অভিযুক্ত মোশারফ হোসেনের দাবি, তিনি ওই নারীকে ধর্ষণ করেননি। তার সঙ্গে পরকীয়ায় লিপ্ত ছিলেন তিনি।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম জানান, ভিকটিম একটি অভিযোগ দায়ের করেছেন। শনিবার সন্ধ্যার দিকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
একাত্তর/আরএ