নওগাঁর রাণীনগর উপজেলায় বাবা-মায়ের অভিযোগে এক মাদকসেবী ছেলেকে ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে অভিযুক্তকে ৫০০ টাকা জরিমানাও করা হয়েছে।
সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাণীনগরের ইউএনও শাহাদাত হুসেইন এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত জুয়েল টিকাদার (২৮) উপজেলার সদর ইউনিয়নের খট্টেশ্বর পশ্চিমপাড়া গ্রামের দেলবর টিকাদারের ছেলে।
ইউএনও শাহাদাত হুসেইন জানান, জুয়েল মাঝে মধ্যেই মাদকের টাকা না পেয়ে বাবা-মাসহ পরিবারের সদস্যদের ওপর অত্যাচার করতেন। অভিযোগ পেয়ে সোমবার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জুয়েলকে আটক করে ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করাসহ ৫০০ টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুন: কুমিল্লায় অটোচালক হত্যায় দুই জনের যাবজ্জীবন
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, দণ্ডপ্রাপ্ত জুয়েলকে দুপুরেই জেলহাজাতে পাঠানো হয়েছে।
একাত্তর/আরএ