ঝিনাইদহে শিশু অপহরণের পর হত্যা, চারজনের যাবজ্জীবন

ঝিনাইদহ সদরে শিশু মনিরা অপহরণের পর হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

রোববার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নাজিমুদ্দৌলা এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন সদর উপজেলার অচিন্ত্যনগর গ্রামের জাফর, শিপন, মিন্টু ও নুপুর বেগম। 

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ৭ জুলাই অচিন্ত্যনগর গ্রামের রমজান আলীর পাঁচ বছর বয়সী মেয়ে মনিরা খাতুনকে মুক্তিপণের দাবিতে অপহরণ করা হয়। 

অপহরণকারীরা শিশুটির বাবার কাছে মুক্তিপণ দাবী করলে সে বছরের ১১ জুলাই সদর থানায় অজ্ঞাতদের আসামি করে অপহরণ মামলা দায়ের করা হয়। 

মামলার পরদিন তার বাড়ির পাশের পাটক্ষেত থেকে মনিরার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। তদন্ত শেষে ২০১৬ সালের ৩১ মার্চ ১০ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করে পুলিশ।

দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আদালত ওই মামলায় অভিযুক্ত জাফর, শিপন, মিন্টু ও নুপুর বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। 

আরও পড়ুন : জয়পুরহাটে কবিরাজ হত্যার দায়ে সৎ ভাইয়ের ফাঁসি

একইসাথে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড প্রদান করেন। মামলার অন্য আসামৗদের মধ্যে বেকসুর খালাস দেওয়া হয়েছে।


একাত্তর/পিএজে/এসজে