ঝালকাঠির ছত্রকান্দায় ভয়াবহ বাস দুর্ঘটনার পর পালিয়ে থাকা সুপারভাইজারকে গ্রেপ্তার করেছে র্যাব-৮। পুলিশের করা মামলায় এখনও পলাতক আছেন বাসের চালক ও সহকারী।
সোমবার বিকেলে জেলার রাজাপুর উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। রাতে বরিশাল র্যাব-৮ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গ্রেপ্তার ব্যক্তির নাম মো. ফয়সাল। তিনি নলছিটি উপজেলার পূর্ব রায়াপুর (বটতলা) গ্রামের বাসিন্দা।
শনিবার (২২ জুলাই) সকাল সকাল সাড়ে ৯টার দিকে বাশার স্মৃতি পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৪-৬৫৪৯) নামে বাসটি অতিরিক্ত যাত্রী নিয়ে ভান্ডারিয়া বাস স্ট্যান্ড হতে বরিশালের উদ্দেশে ছেড়ে আসে। বাসটি ঝালকাঠি মালিক সমিতির। পথে ছাত্রকান্দা নামক স্থানের গাবখান ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদের উত্তর পাশে পৌঁছালে নিয়ন্ত্রন হারিয়ে পুকুরে পড়ে যায়। এঘটনায় ১৭ জন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়।
ওইদিনই মৃত ব্যক্তিদের সুরতাল রির্পোট তৈরি করে স্বজনের হস্তান্তর করা হয়। এ ঘটনায় হতাহতদের পরিবার থেকে মামলা না করলে পুলিশ বাদি হয়ে মামলা করে। এতে সুপারে ভাইজার ফয়সাল ছাড়াও বাসটির চালক এবং সহকারীকে আসামি করা হয়েছে। বর্তমানে তারা পলাতক।
এদিকে একাত্তরের অনুসন্ধানে জানা গেছে, বাসটির চালক যাত্রীদের সঙ্গে তর্ক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়েছিলেন।
দুর্ঘটনায় নিহত শাহীন মোল্লা নামে এক যাত্রীর ছোট ভাই ও ওই বাসের যাত্রী সালাম মোল্লা জানান, বাসে অতিরিক্ত যাত্রী নিতে নিষেধ করা হয়। এ নিয়ে চালক কিছু যাত্রীদের সঙ্গে বাকবিতণ্ডা শুরু করেন। এক পর্যায়ে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে নামিয়ে দেন।
সালাম বলেন, ওই বাসে করে বাবাকে চিকিৎসা করাতে দুই ভাই বরিশাল যাচ্ছিলাম। কিন্তু ওই সড়ক দুর্ঘটনায় বড় ভাই ও বাবাকে হারালাম।
দুর্ঘটনার কারণ আরও খতিয়ে দেখতে একাত্তরের কথা হয় দুর্ঘটনায় পড়া বাসটির আরও কয়েকজন যাত্রীর সঙ্গে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা
তারা বলেন, স্থানীয়ভাবে ছড়ানো হচ্ছে- ইজিবাইককে সাইড দিতে গিয়ে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। বিষয়টি সত্য নয়। তাদের দাবি, দুর্ঘটনার সময় বাসের সামনে বা পেছনে কোনো ইজিবাইক ছিল না। স্থানীয় বাস মালিক সমিতি এই সড়কে ইজিবাইকগুলো ইতিমধ্যেই নিয়ন্ত্রণে রেখেছেন। ইজিবাইক নিয়ে যারা ভুল তথ্য ছড়াচ্ছেন তাদের অন্য উদ্দেশ্য থাকতে পারে।
সালামের মতো তারাও বলেন, দুর্ঘটনার আগে চালকের সঙ্গে বাসে অতিরিক্ত যাত্রী তোলা নিয়ে তর্ক চলছিল। ওই বাসের ছাদেও যাত্রী ছিল।
একাত্তর/এসি