নওগাঁয় অটোরিকশা-বাইক সংঘর্ষে মৃত্যু বেড়ে দুই

নওগাঁর রাণীনগরে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনায় মোটরসাইকেল চালক মোয়াজ্জেম হোসেন বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এর আগে সিএনজি যাত্রী শিশু হুমাইরা খাতুন নওগাঁ সদর হাসপাতালে মারা যায়। এ ঘটনায় আহত হয়েছেন চারজন।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রাণীনগর-আবাদপুকুর সড়কের সোনাকানিয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিএনজি যাত্রী হুমাইরা খাতুন (৪) জেলার ধামইরহাট উপজেলার চৌঘাট গ্রামের হাফিজুর রহমানের মেয়ে। আর মোটরসাইকেল চালক মোয়াজ্জেম হোসেন (৫২) রাণীনগর উপজেলার লোহাচুড়া গ্রামের বাসিন্দা, তিনি একটি মসজিদের ইমাম ছিলেন।

আহতরা হলেন, উপজেলার লোহাচুড়া গ্রামের সিএনজি চালক লেবু হোসেন (৫০), গুয়াতা এলাকার মোসারব হোসেন (২৮), কালীগ্রামের সাব্বির (১৬) ও সাব্বিরের মা সালমা (৪৫)।

বিষয়টি নিশ্চিত করে রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, সোমবার সকালে সিএনজিটি যাত্রী নিয়ে আবাদপুকুর থেকে রাণীনগর আসছিল। একই সঙ্গে মোটরসাইকেলটিও রাণীনগরের অভিমুখে রওনা দেয়। পথে রাণীনগর-আবাদপুকুর সড়কের সোনাকানিয়া জোড়া ব্রিজ এলাকায় পৌঁছালে, সিএনজি একটি সেতু দিয়ে এবং মোটরসাইকেল অপর একটি সেতু দিয়ে সড়কে নামার সময় সংঘর্ষ বাঁধে। এ সময় সিএনজিটি যাত্রী নিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। আর মোটরসাইকেল চালক সড়কে ছিটকে পড়েন।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

এতে সিএনজির পাঁচ যাত্রী ও মোটরসাইকেল চালক আহত হন। এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে গুরুতর আহত সিএনজি চালক লেবু, শিশু হুমাইরা ও মোটরসাইকেল চালক মোয়াজ্জেমের অবস্থা আশঙ্কাজনক হলে তাদের নওগাঁ সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশু হুমাইরা।

পরে উন্নত চিকিৎসার জন্য সিএনজি চালক লেবুকে রাজশাহী মেডিকেল কলেজে ও মোটরসাইকেল চালক মোয়াজ্জেমকে বগুড়া মেডিকেল কলেজে পাঠানো হয়। বগুড়ায় চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে মোয়াজ্জেম মারা যান।


একাত্তর/আরবিএস