টাঙ্গাইলে ট্রাক চাপায় এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ঘারিন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই স্কুল শিক্ষকের নাম মো. আমিনুল ইসলাম (৫১)। তিনি বাসাইল উপজেলার জসিহাটি গ্রামের মো. গনি মিয়ার ছেলে ও জসিহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।
আমিনুল ইসলামের মামাতো ভাই আব্দুল লতিফ মঞ্জু বলেন, আমিনুল শহরের সাবালিয়া এলাকায় বসবাস করেন। ভোরে মোটরসাইকেলে তার গ্রামের বাড়ি জসিহাটি যাওয়ার সময় একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আরও পড়ুন: পলাতক জেএমবি নেতা আরিফ গ্রেপ্তার
এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জাহিদ হাসান বলেন, ঘটনার পর মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
একাত্তর/আরবিএস