শেরপুরে মুলাখেতে কৃষকের মরদেহ উদ্ধার

শেরপুরে মুলাখেত থেকে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে সদরের উপজেলার বলাইয়েরচর ইউনিয়নের রামেরচর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তির নাম মো. কবেজ উদ্দিন (৫৫)। তিনি রামেরচর গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে।

নিহতের পরিবারের বরাতে পুলিশ জানায়, কবেজ উদ্দিন রাত ১০টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। অনেক খোঁজাখুঁজি করেও স্বজনেরা তার সন্ধান পাননি।

পরদিন সকালে এলাকার কয়েকজন একটি মুলাখেতে তার মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তার ও জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে রামেরচর গ্রামের কয়েকজনের সঙ্গে তার পূর্বশত্রুতা চলছিল। এর জের ধরে দুর্বৃত্তরা রাতের কোনো একসময় তাকে হত্যা করে মুলাখেতে ফেলে রেখে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পুলিশ জানায়, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।

আরও পড়ুন : টাঙ্গাইলে ট্রাক চাপায় স্কুল শিক্ষক নিহত

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহম্মেদ বলেন, কবেজ উদ্দিনের শরীরে দেশীয় অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।


একাত্তর/পিএজে