জয়পুরহাটে ১৬ বছর ধরে পলাতক থাকা হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার রাতে সদর উপজেলার পুরানাপৌল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামি জাফর জাফু (৩৫) জয়পুরহাট সদর উপজেলার পশ্চিম পারুলিয়া গ্রামের বসিন্দা।
শনিবার র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার রফিকুল ইসলাম জানান, ২০০৭ সালের ১৭ ডিসেম্বর রাতে একটি ডাকাত দল পশ্চিম পারুলিয়া গ্রামের বাসিন্দা মজিবর রহমানের ঘরে ঢুকে তাকে ছুরিকাঘাত করে এবং ঘরে থাকা প্রায় ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।
পরে প্রতিবেশীরা গুরুতর আহত অবস্থায় মজিবর রহমানকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার দুদিন পর নিহতের ছেলে আবদুর রাজ্জাক বাদী হয়ে জয়পুরহাট থানায় মামলা করেন।
এ মামলায় গত ১৯ জুন জয়পুরহাট অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক আব্বাস উদ্দিন আসামি জাফুকে মৃত্যদন্ডের রায় দেন।
আরও পড়ুন : তৃতীয় শ্রেণির মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ
রায়ের ১৬ বছর আগে থেকে জাফু পলাতক ছিলেন। র্যাবের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
একাত্তর/পিএজে