নদে ঝাঁপ দিয়ে নিখোঁজ স্কুলশিক্ষিকার মরদেহ উদ্ধার

শেরপুর সদরে নদে ঝাঁপ দিয়ে নিখোঁজের ২৪ ঘণ্টা পর এক স্কুলশিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

শনিবার বিকেলে পুরাতন ব্রহ্মপুত্র নদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে, শুক্রবার দুপুরে ওই নদে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন তিনি।

নিহত মাহেরা আহমেদ বিথী (২৭) জামালপুর পৌরসভার দেওয়ানপাড়ার মৃত শফিউদ্দীন আহমেদ শাহিনের মেয়ে এবং নান্দিনার জাহিদ আনোয়ার লিটনের (৩৫) স্ত্রী। তিনি জামালপুর শহরের একটি বেসরকারি স্কুলে শিক্ষকতা করতেন।

নিহতের পরিবার জানায়, শুক্রবার জুমার নামাজের পরে দোকানে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে আর বাসায় ফেরেননি বিথী। পরে স্থানীয়দের কাছে স্বজনরা জানতে পারেন পুরাতন ব্রহ্মপুত্র নদীতে ঝাঁপ দিয়েছেন তিনি।

তবে, কি কারণে নদীতে ঝাঁপ দিয়েছেন তিনি, তা বলতে পারেনি পরিবার ও স্বজনরা।

এদিকে, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের ডুবুরিরা। তারা দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত তল্লাশি চালিয়েও বিথীর কোন খোঁজ না পেয়ে প্রথমদিনের তল্লাশি অভিযান শেষ করেন। পরে দুপুরে আবারও তারা উদ্ধার অভিযান শুরু করলে পানির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

জামালপুর ফায়ার সার্ভিসের স্পেশাল অফিসার রবিউল ইসলাম জানান, দুইদিনের চেষ্টার পর মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।

আরও পড়ুন: শিবগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহম্মেদ বাদল জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে এখনও থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি।


একাত্তর/জো