স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ৪১ সালের বাংলাদেশ গড়ার লক্ষ্যে কোনো বাধা থাকবে না। দেশে উন্নয়ন হচ্ছে, গ্রামের সড়কগুলো পাকা হচ্ছে, চিকিৎসা সেবায় বাংলাদেশ এখন ব্যাংকক সিঙ্গাপুরের চেয়ে কম নয়।
শনিবার কুমিল্লার কোটবাড়িতে বার্ডের ময়নামতি মিলনায়তনে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) ৫৬তম বার্ষিক পরিকল্পনায় দুইদিনব্যাপী সম্মেলনের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
তাজুল বলেন, ‘বিভিন্ন দেশ কীভাবে সমস্যা নিরসন করে, সে অনুযায়ী তাদের মতো প্ল্যান আমরাও করছি। সবাই মিলে কাজ করলে আগামীর বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে। আমি আমার দিক থেকে সর্বোচ্চটুকু দিচ্ছি। সবাইকে দেশের জন্য অবদান রাখতে হবে।’
এসময় মন্ত্রী আরও বলেন, বিশ্বে আজ যে প্রতিকূল অবস্থা বিরাজ করছে, সে তুলনায় বাংলাদেশ ভালো আছে। আমরা আরও ডেল্টা প্ল্যান করেছি। যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) প্রশংসনীয় ভূমিকা রয়েছে।
মন্ত্রী সরকারের অগ্রাধিকারভুক্ত এজেন্ডা ‘আমার গ্রাম আমার শহর’ বাস্তবায়নে বার্ডকে অগ্রণী ভূমিকা গ্রহণের জন্য আহ্বান জানান।
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোসাম্মৎ হামিদা বেগম সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন- স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রীর স্বপন ভট্টাচার্য, কুমিল্লা সদর সংসদ সদস্য আ. ক. ম বাহা উদ্দিন বাহার।
সম্মেলনে জানানো হয়, বার্ড আন্তর্জাতিক কোর্স, প্রশিক্ষণ কোর্স পরিচালনা করছে। বেশ কয়েকটি গবেষণাকর্ম সম্পন্ন করেছে বার্ড। বর্তমানে অনেকগুলো গবেষণা কার্যক্রম চলমান রয়েছে।
আরও পড়ুন: কার্জন হলের সামনে থেকে মরদেহ উদ্ধার
১৯৫৯ সালের ২৭ মে কুমিল্লার কোটবাড়িতে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) প্রতিষ্ঠা করেন বিশিষ্ট সমাজবিজ্ঞানী আখতার হামিদ খান। তার উদ্ভাবিত ‘কুমিল্লা পদ্ধতি’ গ্রামীণ অর্থনীতিতে ভূমিকা রেখেছে।
একাত্তর/আরএ