প্রেমে বাধা দেয়ায় যুগলের বিষপান, মরদেহ উদ্ধার

নওগাঁর মান্দায় প্রেমে বাঁধা দেওয়ায় এক যুগল একসাথে বিষপানে ‘আত্মহত্যা’ করেছেন বলে ধারণা করা হচ্ছে। গ্রামের এক ইউক্যালিপটাসের বাগান থেকে ওই ছাত্রছাত্রী যুগলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকাল ৯টার দিকে উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের তুলসীরামপুর গ্রামে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন ওই গ্রামের আব্দুল করিমের ছেলে আরিফ হোসেন (২০) এবং হাফিজুল ইসলামের মেয়ে জনি আক্তার (১৭)। আরিফ ডিগ্রী কলেজে এবং জনি উচ্চ মাধ্যমিকে পড়াশুনা করতেন।

স্থানীয়রা জানায়, একই গ্রামের আরিফ ও জনির মধ্যে বছর খানেক আগে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি তাদের পরিবার জানতে পেরে বাঁধা হয়ে দাঁড়ায়। স্থানীয়রা তাদের বিয়ে দিতে বললেও পরিবার বিয়ে দিতে রাজি হয়নি। রোববার রাতে প্রতিবেশীর একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্যে বাড়ি থেকে বের হন আরিফ ও জনি। এরপর রাতে আর ফিরে আসেননি। রাতে পরিবারের লোকজন ও আত্মীয়-স্বজন তাদের খোঁজাখুঁজি করেও কোনো হদিস পাননি। তাদের বাড়ির আধ কিলোমিটার দূরে সকাল সাড়ে সাতটার দিকে গ্রামবাসীরা ইউক্যালিপটাসের বাগান থেকে তাদের মরদেহ পেয়ে পরিবারের লোকজন ও থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ৯টার দিকে তাদের মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন: বাবার মোটরসাইকেল থেকে পড়ে মেয়ের মৃত্যু

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোজাম্মেল হক জানান, নিহতদের পাশে বিষাক্ত কীটনাশক (গ্যাস) ট্যাবলেট ও কোমল পানীয়ের বোতল পাওয়া গেছে। প্রাথমিকভাবে প্রেমঘটিত আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। মরদেহের ময়নাতদন্ত করার জন্যে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি। 


একাত্তর/জো