নোয়াখালীর সুবর্ণচরে হ্যান্ডট্রলি চাপায় মোটরসাইকেল আরোহী এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর দুইটার দিকে উপজেলার চর জুবলী ইউনিয়নের হারিছ চৌধুরী বাজার-পরিষ্কার বাজার সড়কের পলোবান বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. জয়নাল আবেদীন (৪৫) উপজেলার চরজব্বর ইউনিয়নের চর বাগ্যা গ্রামের সাহাব উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় সমিতির বাজারের একজন মুদি দোকানদার ছিলেন।
স্থানীয় বাসিন্দা ইয়াছিন রনি জানান, ব্যক্তিগত কাজে জয়নাল দুপুর পৌনে ২টার দিকে নিজের মোটরসাইকেল চালিয়ে পরিষ্কার বাজার থেকে আটকপালিয়ার উদ্দেশ্যে রওয়ানা দেন।
পথে হারিছ চৌধুরী বাজার টু পরিষ্কার বাজার সড়কের পলোবান বাড়ির সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই হ্যান্ডট্রলি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।
এতে তিনি গুরুত্বর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।
আরও পড়ুন: রাজবাড়ীতে দুটি কানাকুয়ার বাচ্চা অবমুক্ত
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবপ্রিয় দাশ বলেন, পালিয়ে যাওয়া চালকসহ হ্যান্ডট্রলিটি আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।
একাত্তর/এসজে