বেইলি ব্রিজ ভেঙে ট্রাক নদীতে, চালক ও হেলপার নিখোঁজ

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরে একটি বেইলি ব্রিজ ভেঙে পড়ে সিমেন্ট বহনকারী একটি ট্রাক নদীতে পড়ে ট্রাকটির চালক ও হেলপার নিখোঁজ হয়েছেন।

মঙ্গলবার বিকেলে উপজেলার পাগলা আউশকান্দি-রাণীগঞ্জ সড়কের নলজোড় নদীর উপরে নির্মিত কাটাগাঙয়ে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, পাগলা জগন্নাথপুর আউশকান্দি রাণীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের এই বেইলি সেতুটি দীর্ঘদিনের পুরনো। ঢাকা থেকে দূরত্ব কমে এই রুট গত দুই বছর আগে চালু হয়। চালুর পর থেকে এই রুটে যাত্রী বহনকারী বাস ও মিনিবাস এবং ট্রাক চলাচল করে। সিমেন্ট বহনকারী ট্রাকটি ঢাকা থেকে জগন্নাথপুর আসার পথে ইচগাঁও কাটাগাঙ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে নিখোঁজ রয়েছে ট্রাক চালক ও হেলপার। তাদের নাম পরিচয় এখনও জানা যায়নি।

জগন্নাথপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাফিকুজ জামান জানান, তারা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন। সুনামগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরির দল ঘটনাস্থলে রওনা দিয়েছে। চালক ও হেলপার নিখোঁজ হয়েছেন। তাদের উদ্ধার করতে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরির দল অভিযান চালিয়ে যাচ্ছে।

সেতুটি ভেঙে যাওয়ার ফলে বিকল্প ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে সুনামগঞ্জ থেকে রাজধানী শহর ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যানবাহন চলাচল করবে বলে জানান, সুনামগঞ্জ বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ জুয়েল মিয়া।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, ট্রাকটি সিমেন্ট নিয়ে ঢাকা থেকে জগন্নাথপুরে আসার পথে অতিরিক্ত পণ্য বহনের কারণে বেইলি সেতু ভেঙে নদীতে পড়ে যায়।

সুনামগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম জানান, কাটাগাঙের ওপর বেইলি সেতুর জায়গায় নতুন সেতু নির্মাণের প্রস্তাব পরিকল্পনা মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় আছে। আপাতত সেতু চালু করতে সময় লাগবে।


একাত্তর/জো