টানা বৃষ্টিতে বেড়েছে সবজির দাম

টানা বৃষ্টিতে ক্ষেত ডুবে যাওয়ায় ঢাকার বাইরের বাজারগুলোতে সব ধরনের সবজির দাম বেড়েছে। চট্টগ্রামের খাতুনগঞ্জে অভিযানের পর পেঁয়াজের দাম কিছুটা কমলেও, বেড়েছে মুরগি ও ডিমের দাম। এছাড়া সরবরাহ কমের অজুহাতে বেড়েছে মাছের দামও।

চট্টগ্রামে ক্ষেত তলিয়ে যাওয়ায় সব ধরনের সবজির দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা বেড়েছে। সরবরাহ কমার অজুহাতে বেড়েছে সামুদ্রিক ও মিঠা পানির মাছের দাম। 

খাতুনগঞ্জে অভিযানের পর পেঁয়াজের দাম কেজিতে ৩ থেকে ৫ টাকা কমেছে। তবে দাম বেড়েছে সোনালী মুরগি ও ফার্মের ডিমের।

ক্রেতার বলছেন, দাম সাধারণ মানুষের দামের বাইরে। রোজই কোনো না কোনো অজুহাতে দাম বাড়ছে।

মানিকগঞ্জেও বৃষ্টির অজুহাতে বেড়েছে সব ধরনের সবজির দাম। সেখানে ৬০ টাকার নিচে কোন সবজি পাওয়া যাচ্ছে না। এছাড়া তিন দিন আগের যে পেঁয়াজ ছিলো ৬৫ টাকা, সেটি এখন ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

বিক্রেতা বলছেন, ভারতের পেঁয়াজের দাম বাড়ায় দেশের পেঁয়াজের দামও বেড়েছে।

মানিকগঞ্জে মাছও বাড়তি দামে বিক্রি হচ্ছে।

খুলনায় আলুর দাম চল্লিশ টাকা থেকে বেড়ে পঁয়তাল্লিশ টাকায় বিক্রি হচ্ছে।

সপ্তাহের ব্যবধানে নেত্রকোণায় বেড়েছে পেঁয়াজ ও মাছের দাম। খুচরা বাজারে কেজিতে ১০ টাকা বেড়ে ভারতীয় পেঁয়াজ ৬৫ ও দেশি পেঁয়াজ ৮৫ টাকায় বিক্রি হচ্ছে।

বিক্রেতা বলছেন, আমদানি কম থাকায় দাম বেড়েছে।

এদিকে কুমিল্লায় বেড়েছে পেঁয়াজ, আদা,রসুন ও শুকনো মরিচের দাম।গেল সপ্তাহের ব্যবধানে পাইকারি ও খুচরা বাজারে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ১০ থেকে ১৫ টাকা। আর আদা রসুনের দাম বেড়েছে কেজিতে ৩০ টাকা।

পাইকারি ও খুচরা বাজারে প্রশাসনের মনিটরিং ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন ক্রেতারা।