যশোরে দেড় বছরের ভাতিজাকে ট্রেনে কাটা পড়া থেকে বাঁচাতে ছুটে এসে সেই ট্রেনেই কাটা পড়ে প্রাণ হারিয়েছে চাচা। এসময় শিশুটি রেলব্রিজ থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে উদ্ধারে হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।
মঙ্গলবার বেলা ১১টার দিকে যশোর সদরের আরবপুর ইউনিয়নের ধোপাখোলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম মোহাম্মদ ইউসুফ। সে ওই গ্রামের মনিরুল ইসলামের ছেলে। অপর নিহতের নাম আমিরুল ইসলাম (৫৫)। তিনি একই গ্রামের মৃত আনোয়ার বিশ্বাসের ছেলে এবং সম্পর্কে শিশুটির চাচা।
আরবপুর ইউনিয়ন পরিষদের সদস্য মইনুর রহমান জানান, সকালে চাচা আমিরুল ইসলাম শিশুটিকে নিয়ে বের হন। তিনি শিশুটিকে ধোপাখোলা রেলওয়ে ব্রিজের ওপর বসিয়ে রেখে পাশের জলাশয়ে শামুক কুড়াতে নামেন। এমন সময় বেনাপোল থেকে ছেড়ে আসা খুলনাগামী বেতনা এক্সপ্রেস ট্রেন চলে আসে। আমিরুল শিশুটিকে উদ্ধারে ছুটে যায়। এ সময় ইউসুফ ব্রিজের ওপর থেকে নিচে পড়ে যায় এবং আমিরুল ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। পরে আশেপাশের লোকজন ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়।
জিআরপি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম ঘটনার বলেন, শিশু ইউসুফের লাশ হাসপাতালে রয়েছে এবং আমিরুলের লাশ ঘটনাস্থলে আছে। পুলিশও ঘটনাস্থলে আছে।