একাত্তরে সংবাদের পর ধর্ষণের আসামি গ্রেপ্তার

ঝিনাইদহের কালিগঞ্জে আলোচিত একটি ধর্ষণ মামলার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে তাকে উপজেলার কাচারি বিন্নী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। 

এর আগে মঙ্গলবার ওই ঘটনায় একাত্তর টেলিভিশনের সংবাদ প্রকাশ করা হয়। স্থানীয় ও ভিকটিমের পরিবারের ভাষ্য, সংবাদ প্রচারে তোলপাড় সৃষ্টির পর আসামি গ্রেপ্তার হয়েছেন।  

গ্রেপ্তার ব্যক্তির নাম মসিয়ার মাতুব্বর। তিনি জেলার হরিণাকুণ্ডু উপজেলার কাকলাশ গ্রামের বাসিন্দা। 

স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীর পরিবার জানান, ধর্ষণের ঘটনায় আসামি পলাতক থাকায় এনিয়ে মঙ্গলবার একাত্তর টেলিভিশনে সংবাদ প্রচার করা হয়। সংবাদ প্রচারের পর জেলাজুড়ে তোলপাড় হলে অবশেষে গেলো রাতে পুলিশ আসামিকে গ্রেপ্তার করে। 
 
ঝিনাইদহ সদর সার্কেল ও অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান জানান, গত তিন সেপ্টেম্বর কালীগঞ্জ উপজেলার কাকলাশ গ্রামে বাড়িতে কাজের কথা বলে ওই নারী গৃহকর্মীকে ডেকে নিয়ে ধর্ষণ করেন মসিয়ার। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে কালীগঞ্জ থানায় নিয়ে আসেন। পরে পুলিশ তার চিকিৎসার ব্যবস্থা করে। ঘটনার দিন নির্যাতনের শিকার নারীর পরিবার মসিয়ারকে আসামি করে থানায় মামলা করেন।

তিনি বলেন, অপরাধ ঘটনার পর থেকেই বিষয়টি ব্যাপক আলোচিত হয় এবং ধর্ষক পালিয়ে যান। 

গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।