দুর্বৃত্তদের অস্ত্রের আঘাতে নারী শ্রমিক নিহত

দিনাজপুর শহরে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে জয়া বর্মণ (৩০) নামের এক নারী শ্রমিক নিহত হয়েছেন।

বুধবার সন্ধ্যা ৭টায় শহরের কালুরমোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জয়া বর্মণ দিনাজপুর শহরের ফকিরপাড়া এলাকার স্বপন রায়ের স্ত্রী। তিনি দিনাজপুরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় হোটেল সাউদিয়া নামের একটি খাওয়ার হোটেলে শ্রমিক হিসেবে কাজ করতেন। জয়া ও স্বপন দম্পতির প্রকৃত ঠিকানা ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বনডাঙ্গা গ্রামে। স্বপন শহরে আবেদীন ট্রাক্টর শোরুমের নৈশপ্রহরী ও জয়া হোটেলে শ্রমিকের কাজ করেন। তারা শহরের ফকিরপাড়া এলাকায় বাড়িভাড়া নিয়ে বসবাস করতেন।

স্থানীয়রা জানান, জয়া সন্ধ্যায় কাজ শেষে হোটেল থেকে একটু দূরে কালুর মোড় চৌরাস্তা এলাকা থেকে ফকিরপাড়ার দিকে যাচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাকে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন। স্থানীরা ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যান। রক্তাক্ত অবস্থায় তাকে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোতয়ালি থানার অফিসার ইনচার্জ ফরিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে। কারা এবং কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। অপরাধীদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। নিহতের ঘাড় ও মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে। এ ঘটনায় নিহতের স্বামী স্বপন রায় মামলার প্রস্ততি নিচ্ছেন।