মাদারীপুরে ইজিবাইক ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে, নিহতেরা পিতা-পুত্র। এসময় আহত হয়েছেন ইজিবাইকে থাকা আরও তিন যাত্রী।
মঙ্গলবার সন্ধ্যার দিকে সদর উপজেলার মাদারীপুর-শরিয়াতপুর মহাসড়কের মঠের বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ট্রাকসহ চালককে হাত-নাতে ধরে ফেলে স্থানীয়রা, পরে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাক চালককে আটক করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার দিকে সদর উপজেলার কোর্টের মোড় থেকে একটি ইজিবাইক যাত্রী নিয়ে খোয়াজপুর ইউনিয়নের মঠের বাজার এলাকার যাচ্ছিলো। এসময় ইজিবাইকটি মঠের বাজার এলাকার সামনে আসলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকক থাকা মহাদেব দেবনাথ (৬৫) ও তার ছেলে মিঠুন দেবনাথ (১৬) ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
এসময় বাকি তিন যাত্রী আবুল হাওলাদার (৩৭), আলাওল ফকির (৩২) ও শফিক(২৪) গুরুতর আহত হয়েছেন।
মাদারীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠানো হয়েছে।