কঠোর বিধিনিষেধে টানা সাতদিন মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট ফাঁকা থাকলেও বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল থেকে ঘাটে যাত্রী ও পণ্যবাহী যানবাহনের চাপ বেড়েছে।
ধারণা করা হচ্ছে, ঈদের আগে বিধিনিষেধ শিথিল হচ্ছে না ভেবে আশঙ্কা থেকে রাজধানী ছেড়ে গ্রামে ছুটছে দক্ষিণবঙ্গের মানুষ।
গত ১ জুলাই থেকে শুরু হওয়া কঠোর বিধিনিষেধের প্রথম সাতদিন শিমুলিয়া ঘাটের পার্কিং ইয়ার্ডগুলো অনেকটা ফাঁকাই পড়েছিল।
এসময় কেবলমাত্র পণ্য পরিবহনকারী গাড়ি, অ্যাম্বুলেন্স, জরুরী সেবার আওতাভুক্ত গাড়ি পারাপারের জন্য তিনটি ফেরিঘাটের জায়গায় মাত্র একটি ফেরিঘাট চালু ছিল।
আরও পড়ুন: ২৪ ঘণ্টায় আট জেলায় ১০৫ মৃত্যু
তবে যাত্রী ও যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ার কারণে আজ তিনটি ফেরিঘাটই চালু করা হয়েছে।
দেখা যাচ্ছে, এই সাতদিন যানবাহনের অপেক্ষায় থাকা ফেরিগুলো আজ সকাল থেকেই চলাচল শুরু করেছে। দ্বিতীয় ধাপের ৭-১৪ জুলাই এর বিধিনিষেধের প্রথম দিন আজ সকাল থেকেই সিএনজিচালিত অটোরিকশা, ইজিবাইক ও মোটরসাইকেলে চেপে ঢাকা থেকে যাত্রীরা ঘাটে আসতে দেখা গেছে।
এবিষয়ে মাওয়া ট্রাফিক পুলিশের সার্জেন্ট রাসেল মোশাররফ জানান, ঘাটে মানুষের চাপটা বেশি। সকাল থেকে মানুষ ধীরে ধীরে ঘাটে এসে ভিড় করছে এবং বিভিন্ন অজুহাত দিচ্ছে। অ্যাম্বুলেন্সেও মানুষ আসছে। ঘরমুখো মানুষের চাপ বেশি। ৯টি ফেরি দিয়ে ঘাট স্বাভাবিক রাখা হয়েছে। ঘাটে ব্যক্তিগত ও অ্যাম্বুলেন্স প্রায় শতাধিক গাড়ি ফেরির অপেক্ষায় রয়েছে।
একাত্তর/আরএইচ