আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্যতামূলক করতে ইসি বদ্ধপরিকর উল্লেখ করে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য এ নির্বাচন অনুকরণীয় হয়ে থাকবে।
বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসকের হলরুমে জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিসের আয়োজনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঝিনাইদহসহ পাঁচ জেলার নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে নির্বাচন কমিশনারের মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
জেলা প্রশাসক এস. এম রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নির্বাচন কমিশনার আহসান হাবিব খান।
এসময় তিনি সাংবাদিকদের বলেন, নির্বাচনে অংশ নেওয়ার জন্য কয়েকটি রাজনৈতিক দলকে চায়ের আমন্ত্রণ জানানো হয়েছিলো। তারা সাড়া দেননি। অদৃশ্য কারণে তারা এ কমিশনকে মানেই না। তারপরও দেশ এবং বহির্বিশ্বে এ নির্বাচন একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। আপনারা সকল খবর প্রচার করবেন। বিদেশিদের সাথেও বসবো। আমরা আমাদের সাংবিধানিক পদে থেকে আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করে যাবো।
সকাল সাড়ে ১১টা থেকে শুরু হওয়া তিন ঘণ্টাব্যাপী মতবিনিময় সভায় ঝিনাইদহসহ কুষ্টিয়া, মাগুরা, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিজিবির পরিচালক, র্যাব কমান্ডার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাচন অফিসার, স্ব-স্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।
এ সময় নির্বাচন কমিশনার পাঁচ জেলার নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের নানান দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন।