সুনামগঞ্জে মৃত ব্যক্তির জানাজার সময় নড়েচড়ে ওঠার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পড়ে অবশ্য ওই ব্যক্তিকে আবার মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জামলাবাজ গ্রামের আব্দুল হাফিজ নামের এক ব্যক্তি বুকে ব্যাথা নিয়ে মূর্ছা যান বৃহস্পতিবার (৮ জুলাই) সকালে। স্বজনরা স্থানীয় নোয়াখালি বাজারে নিয়ে গেলে স্থানীয় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বজনরা বাড়ি নিয়ে এসে বিকেলে তার জানাজার আয়োজন করেন।
বাদ আসর জানাজার প্রস্তুতির সময় হঠাৎ নড়েচড়ে ওঠেন এই ব্যক্তি। পরে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসার পর আবারও ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
জামলাবাজ গ্রামের স্বেচ্ছাসেবক লীগ নেতা নিজাম উদ্দিন জানান, আব্দুল হাফিজ (৩৮) পেশায় একজন ধান ব্যবসায়ী। বৃহস্পতিবার সকাল ১০টায় পাল্লা দিয়ে ধান ওজন করার সময় তার বুকে ব্যথা অনুভব হয়। তাৎক্ষণিকভাবে পরিবারের লোকজন স্থানীয় নোয়াখালী বাজারে নিয়ে গেলে পল্লী চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: মাদক ম্যাজিক মাশরুম: রিমান্ডে কানাডা প্রবাসী দুইজন
বিকেলে স্বজনরা গ্রামের মসজিদের মাঠে জানাজার আয়োজন করেন। এসময় তিনি নড়েচড়ে উঠলে হইচই শুরু হয়।
নিজাম উদ্দিন জানান, জানাজার আগে এলাকার মানুষজন তাকে শেষবার দেখতে চাইলে কাফন সরিয়ে মুখ খোলার পর দেখেন মুখ দিয়ে লালা বের হচ্ছে এবং শ্বাস প্রশ্বাস স্বাভাবিক আছে। তখনই তাকে নিয়ে হাসপাতালে ছোটেন স্বজনরা।
নোয়াখালি বাজারের ব্যবসায়ী সমিতির সভাপতি ও জামলাবাদ গ্রামের বাসিন্দা আব্দুল বাছিত সুজন বলেন, সকালে বাজারের এক চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। বিকেলে জানাজার আগে তাকে শেষ দেখা দেখতে গিয়ে দেখা যায় তিনি জীবিত। পরে জরুরি ভিত্তিতে তাকে সুনামগঞ্জ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একাত্তর/এসজে