মা কুকুরকে পিটিয়ে হত্যা, আসামিদের বিরুদ্ধে সমন জারি

বরগুনায় একটি মা কুকুরকে পিটিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় আসামিদের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত।

মঙ্গলবার বরগুনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাহবুব আলম মামলাটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে সমন জারি করেন।

মামলার আইনজীবী নেপোলিয়ন বলেন, আসামিরা গত রোববার বরগুনা সদরের খাকবুনিয়া এলাকায় ফাঁদ পেতে একই এলাকার আনিসুর রহমান নামে এক ব্যক্তির একটি পোষ্য কুকুরকে পিটিয়ে ও লোহার টেঁটা দিয়ে আঘাত করে প্রকাশ্যে হত্যা করে। কুকুরটির পাঁচটি বাচ্চা রয়েছে। এসময় বাদি ঘটনাস্থলে গিয়ে পৌষ্য কুকুরটিকে হত্যা না করার জন্য আসামিদের অনুরোধ করেন। কিন্তু তারা তখন আনিসুরকেও হত্যার হুমকি দেন। 

পরে কুকুর হত্যার অভিযোগে প্রাণী কল্যাণ আইন, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে অভিযুক্ত মো. রাকিব পঞ্চায়েত, মো. মাওলা পঞ্চায়েত ও মো. আবু পঞ্চায়েতকে আসামি করে তাদের বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করে আনিসুর। 

তিনি জানান, আসামিরা খাকবুনিয়া এলাকার অন্তত শতাধিক কুকুর হত্যা করেছেন। আদালত ঘটনার বর্ণনা শুনে মামলাটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে সমন জারি করেছেন।