অটোরিকশার ধাক্কায় বৃদ্ধ পথচারীর মৃত্যু

নওগাঁর রাণীনগরে অটোরিকশার ধাক্কায় আমজাদ হোসেন মন্ডল (৭০) নামে এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন।

শুক্রবার দুপুরে রাণীনগর-আবাদপুকুর সড়কের খাগড়া মোড়ের এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আমজাদ হোসেন উপজেলার ছয়বাড়ীয়া গ্রামের শমসের আলীর ছেলে।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে আমজাদ হোসেন পায়ে হেঁটে সিম্বা বাজার থেকে নিজ গ্রামের বাড়িতে ফিরছিলেন। পথে খাগড়া গ্রামের মোড় এলাকায় পৌঁছালে একটি অটোরিকশা তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে অবস্থার অবনতি হওয়ায় নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে সেখানেও তার শারীরিক অবস্থা খারাপের দিকে গেলে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।

আমজাদ হোসেনের পরিবার জানিয়েছে, তাকে রামেকে নেয়ার পথে তিনি মারা যান।

ঘটনার সত্যতা স্বীকার করে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ বলেন, অটোরিকশার ধাক্কায় বৃদ্ধ নিহতের ঘটনায় এখনও কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।