লক্ষ্মীপুরে নৌকার প্রচারণার গাড়ি ভাঙচুরের অভিযোগ

লক্ষ্মীপুর-৩ আসনের প্রার্থী গোলাম ফারুক পিংকুর নৌকা প্রতীকের প্রচারণার কাজে ব্যবহৃত অটোরিকশায় হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। 

রোববার রাত সাড়ে ৭ টার সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের পশ্চিম সৈয়দপুর গ্রামের বক্সআলী বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

প্রচারণার কাজে ব্যবহৃত অটোরিকশার চালক মাহবুব বলেন, প্রচারণা শেষে ফেরার পথে গাড়ির সামনে বাঁশ ও ইট দিয়ে ব্যারিকেট দিয়ে রাখা হয়। এসময় সামনে এগিয়ে গেলে পেছন থেকে একদল দুর্বৃত্ত ইটপাটকেল ছুড়ে। এতে গাড়ির পেছনের এবং পাশের দু'টি গ্লাস ভেঙে যায়। পরে তারা পালিয়ে যায়।

লাহারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম মুরাদ বলেন, নৌকা প্রতীকের প্রচারণার সময় প্রচারণার গাড়ি ভাঙচুর করা হয়েছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। স্থানীয় দুই ছেলে ঘটনাটি ঘটিয়েছে। বিষয়টি দলীয় নেতাকর্মী ও থানা পুলিশকে অবহিত করেছি। 

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুদ্দিন আনোয়ার বলেন, গাড়ি ভাংচুরের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।