দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে চট্টগ্রামের খুলশী এলাকায় পাহাড়তলী কলেজ ভোটকেন্দ্রের কাছে দুই গ্রুপের সংঘর্ষের সময় গুলিবর্ষণকারী শামীম আজাদ ওরফে ব্লেড শামীমকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সীতাকুণ্ড থেকে শামীমকে বিদেশি আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাব-৭।
র্যাব-৭ এর পক্ষ থেকে জানানো হয়, ৭ জানুয়ারি সকাল সাড়ে দশটায় চট্টগ্রাম-১০ আসনের নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রাম বন্দরনগরীর পাহাড়তলী ডিগ্রী কলেজ কেন্দ্র এলাকায় কিছু দুস্কৃতিকারী নির্বাচনী পরিবেশে বিঘ্ন ঘটনোর উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে জনমনে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে গুলিবর্ষণ করে। এই গুলিবর্ষণের ঘটনায় শান্ত বড়ুয়া এবং জামাল নামের দুজন গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
এই ঘটনায় চট্টগ্রাম মহানগরীর খুলশী থানায় একটি মামলা দায়ের করা হয়। ঘটনাটি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় গুরুত্বের সাথে প্রচারিত হলে দেশব্যাপী ব্যাপক আলোচিত হয়।
র্যাব আরও জানায় সোমবার রাতে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র্যাব-৭ এর যৌথ আভিযানিক দল চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানার কুমিরা এলাকায় অভিযান পরিচালনা করে প্রকাশ্যে গুলি নিক্ষেপ করা শামীম আজাদ ওরফে ব্লেড শামীমকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ গ্রেফতার করে। প্রাথমিকভাবে গ্রেফতার আসামি এই ঘটনার বিষয়ে তথ্য প্রদান করেছেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, শামীম আজাদ দীর্ঘদিনৎ খুলশী ও তার আশেপাশের এলাকায় তার সহযোগীদের নিয়ে চাঁদাবাজী, টেন্ডারবাজি, অস্ত্রধারী সন্ত্রাস ও এলাকায় আধিপত্য বিস্তারসহ ভাড়াটিয়া সন্ত্রাসী হিসেবে বিভিন্ন ধরণের সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত ছিলো। ৭ জানুয়ারি নির্বাচনে শামীম আজাদের নেতৃত্বে কয়েকজন দেশী ও বিদেশি অস্ত্রশস্ত্রে দিয়ে প্রকাশ্যে গুলিবর্ষণ করে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করে।
পরবর্তীতে ঘটনাস্থলে আইন-শৃঙ্খলা বাহিনী উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে শামীম ঘটনাস্থল থেকে পালিয়ে চট্টগ্রামের সীতাকুন্ড এলাকায় আত্মগোপন করে। গ্রেফতার শামীম আজাদের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় অস্ত্রসহ বিভিন্ন অপরাধ সংক্রান্তে ৫টির বেশি মামলা রয়েছে এবং এসকল মামলায় সে ৩ বার কারাভোগ করেছে বলে জানা যায়।
গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় র্যাব।