সাত মৃত্যুর ঘটনায় বাসের ড্রাইভারসহ আটক দুই

ময়মনসিংহে বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে সাতজন নিহতের ঘটনায় বাসের ড্রাইভার ও সুপারভাইজারকে আটক করেছে শেরপুরের ঝিনাইগাতী থানা পুলিশ।
 
শুক্রবার রাতে উপজেলার বন্ধভাটপাড়া এলাকা থেকে বাসের ড্রাইভার সিরাজুল ইসলাম ওরফে সিপাহি (৪৮) ও সুপারভাইজার জনি মিয়া (৪২) কে আটক করা হয়।

আটক সিরাজুল ইসলাম শেরপুর শহরের মীরগঞ্জ এলাকার চাঁন মিয়ার ছেলে ও জনি মিয়া  চাপাতলী এলাকার আনিসুর রহমানের ছেলে।

ঝিনাইগাতী থানার উপ-পরিদর্শক রাজীব ভৌমিক ঘটনার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বন্ধভাটপাড়া এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় আত্মীয়ের বাড়ি থেকে তাদের আটক করা হয়। 

এর আগে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ সদর উপজেলার আলালপুর এলাকায় শেরপুরের ঝিনাইগাতীর আদিল সরকার নামে একটি বাসের সাথে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা একই পরিবারের তিন ও চালকসহ সাতজন নিহত হয়। ঘটনার পর কৌশলে পালিয়ে যায় বাসের ড্রাইভার ও সুপারভাইজার।