মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার দীঘিরপাড় এলাকায় পদ্মার শাখা নদীতে গোসল করতে নেমে রামিন আরিদ নামে এক কিশোর, তার বাবা ও খালু নিখোঁজ হন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরিদল দুইজনের মরদেহ উদ্ধার করে। তবে এখনও নিখোঁজ রয়েছেন রামিন।
জানা যায়, তারা ওই উপজেলার বেসনাল এলাকার তাদের স্বজন আলম মোল্লার বাড়িতে বেড়াতে আসেন। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে ট্রলারে করে ৩০-৩৫ জন মিলে দিঘীরপাড় ইউনিয়নের ধানকোড়া এলাকায় পদ্মার শাখা নদীতে ঘুরতে বের হয়ে বেশ কয়েকজন গোসল করতে নদীতে নামেন।
এসময় আরিদ নদীর স্রোতের তোড়ে ভেসে যেতে থাকলে তার বাবা রেলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী রিয়াদ আহাম্মেদ রাজু ও খালু ব্যাংকার জুয়েল রানা তাকে উদ্ধার করতে গিয়ে তারাও স্রোতের তোড়ে ভেসে গিয়ে নিখোঁজ হন।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মুন্সীগঞ্জ সদর ও টংগিবাড়ী উপজেলা ফায়ার সার্ভিসের টিম ও নৌ পুলিশ। পরে রাত সাড়ে ৮টার দিকে রিয়াদ আহাম্মেদ রাজু ও জুয়েল রানার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস, তবে রামিন আরিদকে এখনো খুঁজে পাওয়া যায়নি।
নিখোঁজ রামিনকে খুঁজতে এখনও উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস ও স্থানীয় পুলিশ।
টঙ্গিবাড়ি ফায়ার সার্ভিসের ইনচার্জ মোস্তফা কামাল জানান, সংবাদ পেয়ে আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছায়। ঢাকা থেকে প্রশিক্ষিত ডুবুরিদল ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে। পরে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। এখনও নিখোঁজ রয়েছে একজন।