মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ তিনজন নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় একটি প্রাইভেটকার খাদে পড়ে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

শুক্রবার দিবাগত রাত পৌনে ২টার দিকে গজারিয়া অংশের বাউশিয়া এলাকায় মানাবে ওয়াটার পার্কের সামনে এই ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, চাঁদপুরের শাহরাস্তি উপজেলার কাদরা গ্রামের হোসেন আলী বেপারীর ছেলে আলমগীর হোসেন (৫০), তার ছোট ছেলে জহিরুল ইসলাম (৩০) ও তার মামী রাহেলা বেগম (৫০)। এসময় আলমগীর হোসেনের বড় ছেলে নজরুল ইসলাম (৩৫) ও প্রাইভেটকার চালক ইব্রাহিম খলিল সুজন (৩২) আহত হন।

গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হুমায়ুন কবির বলেন, মরদেহগুলো বর্তমানে পুলিশ ফাঁড়িতে রয়েছে। ঘাতক কাভার্ডভ্যানটিকে শনাক্তের চেষ্টা চালছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

তিনি আরও বলেন, গত রাত দেড়টার দিকে ঢাকাগামী প্রাইভেটকারটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের বাউশিয়া মানাবে ওয়াটার পার্কের সামনে আসলে পেছন থেকে একটি কাভার্ডভ্যান প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়। এসময় কারটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। আলমগীর হোসেনসহ ঘটনস্থলেই মারা যান তিনজন। চালকসহ আহত দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান ফায়ার সার্ভিস কর্মীরা।