সাভারে শেখ হাসিনা-কাদেরসহ ১২৬ জনের নামে হত্যা মামলা

সাভারে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শিক্ষার্থী মো. আব্দুল আহাদ সৈকত (১৭) নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২৬ জনের নামে হত্যা মামলা দায়ের হয়েছে।

বৃহস্পতিবার রাতে সাভার মডেল থানায় মামলাটি দায়ের করেন নিহত সৈকতের বাবা নজরুল ইসলাম।

মামলায় শেখ হাসিনাসহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানসহ ১২৬ জনকে আসামি করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে উল্লেখিত আসামিদের হুকুমে ও এলোপাতাড়ি গুলিতে সৈকত মারা যান।

নিহত সৈকত বগুড়া জেলার সোনাতলা থানার উত্তর দিঘলকান্দি গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লায় পরিবারের সঙ্গে বসবাস করতেন এবং ঢাকার কমার্স কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান জানান, শেখ হাসিনা-কাদেরসহ ১২৬ জনের নামে মামলা দায়ের হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলবে।