নোয়াখালীতে পাঁচ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ যুবক গ্রেপ্তার

নোয়াখালীর সোনাইমুড়ী থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১১’র নোয়াখালী কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ।

গ্রেপ্তার মো. শিপন (২৫) উপজেলার দেওটি ইউনিয়নের আমিরাবাদ গ্রামের বাসিন্দা।

শিপন ও তার সহযোগীরা এলাকায় মারামারি, দাঙ্গা-হাঙ্গামা এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। বর্তমান পরিস্থিতিতে তিনি ও তার সহযোগীরা নিজ এলাকায় আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে অস্ত্র ও গোলাবারুদ মজুদ করে রেখেছিলো।

তাকে আটকের সময় তার কাছে পাওয়া যায় দুইটি পিস্তল, দুইটি এলজি ও একটি পাইপগান, ২৫ রাউন্ড গুলি, ১৩ রাউন্ড শটগানের কার্তুজ, দুই রাউন্ড টিয়ারগ্যাস শেল, তিনটি ককটেল, দুইটি চাইনিজ কুড়াল, তিনটি ছোরা ও তিনটি অস্ত্রের ম্যাগাজিন।

র‌্যাব জানায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থার জন্য তাকে সোনাইমুড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।