জুলাই ও আগস্ট মাসে নিহতদের স্মরণে এবং আওয়ামী লীগ সরকারের পতনের এক মাস পূর্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালিত হয়েছে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায়।
পূর্ব ঘোষণা অনুযায়ী রাজধানী ঢাকার পাশাপাশি অন্যান্য জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ‘শহীদি মার্চ’ কর্মসূচির আয়োজন করে।
বরিশাল: বরিশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শহীদি মার্চ কর্মসূচিতে অংশ নেন স্কুল, কলেজ, মাদ্রাসা শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বেলা সাড়ে ১২টায় বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ থেকে শহীদ মার্চ করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
এর আগে বিএম কলেজ শিক্ষার্থীদের সাথে বরিশাল সরকারি হাতেম আলী, পলিটেকনিক ইনস্টিটিউট, সরকারি বরিশাল কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মিছিলে অংশ নেয়। মিছিলটি বিএম কলেজ জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে নগরীর নথুল্লাবাদ হয়ে চৌমাথা, বটতলা, পুলিশ লাইন্স রোড হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ হয়।
শরীয়তপুর: বেলা সাড়ে ১১টার দিকে শরীয়তপুর সরকারি কলেজ গেট থেকে শিক্ষার্থীদের একটি মিছিল প্রধান সড়ক অতিক্রম করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এরপর সেখানে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এতে অংশ নেয় অন্তত অর্ধশতাধিক শিক্ষার্থী।
সুনামগঞ্জ: সুনামগঞ্জে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে হোসেন বখত চত্বর থেকে বিভিন্ন স্কুল কলেজের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা মিছিল বের করে। মিছিলটি শহর প্রদক্ষিণ করে ট্র্যাফিক পয়েন্টে এসে পথসভায় মিলিত হয়।
সিলেট: সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে ‘শহীদি মার্চ’ করেছে সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় গণঅভ্যুত্থানের এক মাস পূর্ণ হওয়ায় শহিদদের স্মরণে এই আয়োজন করা হলো।
এসময় শহীদি মার্চের মিছিল সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে নগরীর জিন্দাবাজার, বন্দর বাজার এলাকা প্রদক্ষিণ করে।
সমাবেশে বক্তারা বলেন, দেশটা ভালোভাবে গড়তে হবে। কোনো জায়গায় অনিয়ম দুর্নীতি দেখলে রুখে দাঁড়াতে হবে। সাদাকে সাদা কালোকে কালো বলতে হবে।
রাঙ্গামাটি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে রাঙ্গামাটিতে শহীদি মার্চ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে রাঙ্গামাটি পৌরসভা থেকে শহীদি মার্চ শুরু হয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে রাঙ্গামাটি সরকারি কলেজে শহীদি মার্চ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত শিক্ষার্থীরা আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালনসহ নিহতদের স্মরণে স্মৃতিচারণ করা হয়।
চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ‘শহীদি মার্চ’ উপলক্ষ্যে একটি প্রতিবাদ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে একইস্থানে গিয়ে শেষ হয়। এসময় ছাত্ররা বিভিন্ন প্লাকার্ড হাতে স্লোগান দেয়।
পাবনা: পাবনায় ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা। বৃহস্পতিবার দুপুরে জেলায় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি অ্যাডওয়ার্ড কলেজ মাঠ থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে জিরো পয়েন্টের শহীদ চত্বরে মিলিত হয়। সমাবেশে বক্তব্য দেন মোহাম্মদ বিপ্লব হোসেন, বরকতুল্লাহ ফাহাদসহ অন্যরা।
কিশোরগঞ্জ: ছাত্র জনতার গণঅভ্যুত্থানের এক মাস পূর্ণ হওয়ায় শহীদদের স্মরণে কিশোরগঞ্জে ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কেন্দ্রীয় কর্মকাণ্ড সূচির অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেলে শহরের গুরুদয়াল সরকারি কলেজ প্রাঙ্গণে সমাবেশ করে শিক্ষার্থীরা।
এ সময় নতুন বাংলাদেশের সংস্কার সাংবিধানিকভাবে হোক এমন প্রত্যাশার কথা জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে গত জুলাইয়ের শুরুতে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। এই আন্দোলন দমনে ছাত্রলীগসহ তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের বিভিন্ন সংগঠন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলা-নির্যাতনের একপর্যায়ে তা সরকারের পতনের আন্দোলনে রূপ নেয়।
ছাত্র-জনতার তুমুল আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে যান। এর মধ্য দিয়ে আওয়ামী লীগের টানা প্রায় ১৬ বছরের শাসনের অবসান ঘটে।
আওয়ামী লীগ সরকারের পতনের তিন দিন পর গত ৮ আগস্ট শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ শপথ নেয়।