নোয়াখালীতে থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার

নোয়াখালীতে গত ৫ আগস্ট থানা থেকে লুট হওয়া একটি চায়না রাইফেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র‍্যাব।

র‍্যাব-১১’র নোয়াখালী কোম্পানি কমান্ডার, সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ জানান, সোমবার দিনগত রাতে জেলার বেগমগঞ্জ উপজেলার কালারপুল এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি উদ্ধার করা হয়।

তিনি জানান, গত ৫ আগস্ট সন্ধ্যায় দুর্বৃত্তরা নোয়াখালীর বিভিন্ন থানায় আক্রমণ, ভাঙচুরসহ অগ্নিসংযোগ ও লুটপাট করে। একপর্যায়ে তারা থানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ বিভিন্ন সরকারি সম্পত্তি নিয়ে যায়।

র‍্যাব-১১ এর একটি গোয়েন্দা দল থানা থেকে লুট হওয়া এসব মালামাল উদ্ধারে নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় সোমবার রাতে বেগমগঞ্জের কালারপুল এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ৭.৬২ মি.মি. চায়না রাইফেল উদ্ধার করা হয়।

গোলাম মোর্শেদ জানান, উদ্ধার অস্ত্রের বিষয়ে আইনি ব্যবস্থা নেয়ার জন্য এটি বেগমগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।