ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত পাঁচ

গাজীপুরে পোশাক কারখানার উচ্ছিষ্ট কাপড়ের (ঝুট) ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। 

মঙ্গলবার সকালে নগরের কোনাবাড়ি থানাধীন জরুন এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

জরুন এলাকার এস্ট্রো নীটওয়্যার কারখানার ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিতে চেষ্টা করেন নগরের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির কতিপয় নেতাকর্মীরা। তাদের নেতৃত্বে সকালে একদল লোক ওই কারখানা থেকে ঝুট মাল বের করতে যান। তখন বিএনপির অপর একটি গ্রুপের ১০-১৫ জন তাদের বাধা দেন। এসময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান তারা। এতে পাঁচজন আহত হন।

আহতরা হলেন- আলম খন্দকার, বাদল খন্দকার, শামীম খন্দকার, জহিরুল খন্দকার ও বাবুল হোসেন।

স্থানীয়রা জানান, কোনাবাড়ির জরুন এলাকায় এস্ট্রো নীটওয়্যার তৈরি পোশাক কারখানায় দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝুট মালামালের ব্যবসা করে আসছিলেন। গত ৫ আগস্ট সরকার পতনের পর কারখানাটি নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছেন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ছোট একটি ঘটনা ঘটেছে৷ আহত কয়েকজনকে হাসপাতালে নেয়া হয়েছে বলে শুনেছি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।