মিয়ানমার সীমান্তের ওপারে নাফনদী সংলগ্ন লালচরে মাইন বিস্ফোরণে এক বাংলাদেশি যুবক গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার সকাল ১০টার দিকে টেকনাফের হোয়াইক্যং পয়েন্টের ওপারে মিয়ানমারের সীমান্তের নাফনদীর সংলগ্ন লালচরে এ ঘটনা ঘটে।
আহত ওমর ফারুক (১৮) টেকনাফ উপজেলার হোয়াইক্যং ২ নম্বর ওয়ার্ড উত্তর পাড়ার মো. ইলিয়াসের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী বলেন, স্থানীয়দের মাধ্যমে জেনেছি মঙ্গলবার সকাল ১০টার দিকে ওমর ফারুক খাদ্য ফল (আনার ঘোলা) আনতে অবৈধভাবে টেকনাফের হোয়াইক্যং সীমান্ত পয়েন্ট দিয়ে মিয়ানমারের অভ্যন্তরে নাফনদী সংলগ্ন লালচরে প্রবেশ করেন। সেখানে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে তার ডান পায়ে আঘাত পেয়ে গুরুতর আহত হয়েছেন।
তিনি আরও বলেন, পরবর্তীতে বিষয়টি ভিকটিমের পরিবারের সদস্যরা জানলে সেখান থেকে তাকে আহত অবস্থায় উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যান।
টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মহিউদ্দীন আহমেদ জানান, আহত যুবক মিয়ানমার অংশ চলে গিয়েছিলেন। ফলে মিয়ানমারের পুঁতে রাখা মাইন বিস্ফোরণে আহত হন।