যমুনা নদীতে নৌকাবাইচের মুগ্ধ আসর

সিরাজগঞ্জের বেলকুচির যমুনা নদীতে অনুষ্ঠিত হয়ে গেলো গ্রাম বাংলার পুরোনো ঐতিহ্য নৌকাবাইচ। চূড়ান্ত পর্বে অংশ নিয়েছে স্থানীয় ও বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রায় ৫০ নৌকা। বৃহস্পতিবার ও শুক্রবার বিকালে নৌকাবাইচের আয়োজন করে মুকুন্দগাঁতি ও ক্ষিদ্রমাটিয়া গ্রামবাসী। তারা বলছেন, বিদেশি সংস্কৃতি থেকে বের হয়ে, গ্রাম বাংলার ঐতিহ্য, সংস্কৃতি পুনরুদ্ধার করতেই এমন আয়োজন। 

বাদ্যযন্ত্রের তালে তালে মাঝিদের ভাটিয়ালি গান আর পানিতে বৈঠার ছলাৎ ছলাৎ শব্দে পুরো এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। সেই সাথে আনন্দ উচ্ছ্বাসে নৌকাবাইচ উপভোগ করেন দুর-দুরান্ত থেকে ছুটে আসা নানা শ্রেণি পেশার লাখো মানুষ। দারুণ দুটো দিন উপভোগ করেছেন তারা। 

বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক আফিয়া সুলতানা কেয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকার অ্যাসো‌সিয়েশনের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। আয়োজকরা জানান, বেলকুচির যমুনা নদীতে প্রতি বছরই অনুষ্ঠিত হয় নৌকাবাইচ। এই জেলা তাঁত শিল্পের জন্য যেমন পরিচিত, তেমনি নৌকাবাইচের জন্যেও। আর এই নৌকাবাইচ দেখতে মানুষ ভিড় করে থাকেন।  

১৫ জোড়া নৌকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এর মধ্যে মুকুন্দগাঁতী সোনার তরী নৌকা চ্যাম্পিয়ন শিরোপা অর্জন করে। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী নৌকাকে মোটরসাইকেল, দ্বিতীয় স্থান অধিকারী নৌকাকে ফ্রিজ প্রদান করা হয়। এছাড়া বাকি অংশগ্রহণকারী প্রত্যেক দলকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়।