ফোন করলেই বাড়িতে পৌঁছে যাচ্ছে অক্সিজেন

ফোন করলেই সিরাজগঞ্জের বাড়িতে বাড়িতে পৌঁছে যাচ্ছে অক্সিজেন। রোগী সুস্থ না হওয়া পর্যন্ত দেয়া হচ্ছে অক্সিজেন সেবা। 

এমন সুবিধা পাচ্ছেন করোনা আক্রান্ত রোগীরা। স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশন নামের একটি বেসরকারি সংগঠন এই উদ্যোগ নিয়েছে।  

সিরাজগঞ্জের করোনা রোগীদের জন্য শুরু থেকেই অক্সিজেন সরবরাহের ব্যবস্থা করে স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশন। ১০টি অক্সিজেন কনসেন্টেটর নিয়ে খোলা হয়েছে একটি সেল। 

যেখানে হটলাইন নম্বরে ফোন করে সহায়তা চাইলে ২৪ ঘণ্টার মধ্যে রোগীর বাড়িতে পৌঁছে যাবে অক্সিজেন। এজন্য কোন অর্থ গুণতে হবে রোগীর স্বজনকে।

ফাউন্ডেশনের পক্ষ থেকে ১০ জনকে এই যন্ত্র চালানোর জন্য প্রশিক্ষণ দেয়া হয়েছে। রোগীদের ফোন পেলেই ছুটছেন বাড়ি বাড়ি। 

সুরক্ষা ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত জানান, করোনা আক্রান্ত রোগীদের পাশে আছেন তারা। তবে সবাইকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। 

বর্তমানে ১০টি অক্সিজেন কনসেন্টেটর থাকলেও আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় আরও ১০টি কনসেন্টেটর যুক্ত করবে প্রতিষ্ঠানটি। 

একাত্তর/এআর