সড়ক দুর্ঘটনায় চিত্র নায়িকা পরীমনির প্রাক্তন (প্রথম) স্বামী ইসমাইল হোসেন জমাদ্দার (৪০) নিহত হয়েছেন।
শুক্রবার ভোররাতে ঢাকা-ভাঙ্গা মহাসড়কের মাদারীপুরের শিবচরের পাচচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইসমাইল জমাদ্দার মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের ছোট শৌলা গ্রামের ব্যাংক কর্মকর্তা জাকির হোসেন জমাদ্দারের ছেলে। তিনি দুই সন্তানের জনক।
নিহতের চাচা কবির জমাদ্দার জানান, ইসমাইল তার বন্ধু মনিরকে নিয়ে বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে মটরসাইকেল চালিয়ে ঢাকা যাচ্ছিলেন। ভোররাতে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পেছন থেকে দ্রুতগামী একটি ট্রাক তাদের মটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ইসমাইল ও তার বন্ধু মনির হোসেন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ইসমাইলকে মৃত্যু ঘোষণা করেন ও তার বন্ধু মনিরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আগারগাঁও পঙ্গু হাসপাতালে পাঠান। পরে পঙ্গু হাসপাতালে নিয়ে মনিরের একটি পা কেটে ফেলা হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে।
স্বজনরা জানান, নিহত ইসমাইল নায়িকা পরীমনির প্রথম স্বামী। যদিও পরবর্তীতে ইসমাইল আবারও বিয়ে করেন। সেখানে স্ত্রী ও দুই সন্তান রয়েছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শুক্রবার রাতে ইসমাইলের মরদেহ বাড়িতে নিয়ে এলে রাতেই জানাজা শেষে ছোট শৌলা গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।