ভারত থেকে চোরাই পথে আসা পিকআপবোঝাই শাড়িসহ আটক এক

শেরপুরের ঝিনাইগাতীতে পিকআপবোঝাই পৌনে এক কোটি টাকার অবৈধ ভারতীয় শাড়িসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

বুধবার সন্ধ্যায় ময়মনসিংহ ব্যাটালিয়ন (বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। 

এর আগে, একইদিন বিকেলে উপজেলার কাংশা ইউনিয়নের সীমান্তবর্তী ছোট গজনী এলাকা থেকে শাড়িসহ ওই কারবারিকে আটক করা হয়। 

আটক লিমন সিমসাং (৩৫) ওই এলাকার মৃত অনীল মারাকের ছেলে। 

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে ভারত-বাংলাদেশ সীমান্ত পিলার ১১০০/৪-এস থেকে দেড় কিলোমিটার ভেতরে ঝিনাইগাতী উপজেলার ছোট গজনী এলাকায় অবৈধভাবে ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ি অভিনব কায়দায় পাচারের চেষ্টা করা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ ব্যাটালিয়নের টহল দল অভিযান পরিচালনা করে। এসময় এক হাজার ১৮৯ পিস ভারতীয় শাড়ি ও একটি মিনি পিকআপসহ কারবারি লিমন সিমসাংকে হাতেনাতে আটক করা হয়। 

বিজিবি জানায়, উদ্ধার করা শাড়ির মূল্য প্রায় ৭৫ লাখ এবং জব্দ পিকআপের মূল্য প্রায় সাড়ে ১৬ লাখ টাকা। লিমন ভারত থেকে অবৈধভাবে মাল সংগ্রহ করে শেরপুর জেলা শহরের দিকে যাচ্ছিলেন। 

ময়মনসিংহ ৩৯ বিজিবির সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম বলেন, উদ্ধার করা শাড়ি ও পিকআপসহ আটক আসামিকে ঝিনাইগাতী থানায় সোপর্দের প্রক্রিয়া চলছে।